নিজস্ব প্রতিবেদক:
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) বিকেলের দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে এই হাতাহাতির ঘটনা ঘটে। এদিন জামিন শুনানি ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে দফায় দফায় হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীরা।
এর আগে, একদিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কড়া নিড়াপত্তার মধ্যদিয়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হয়। এ সময় এজলাসকক্ষে অবস্থান করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবীরা।
এ ঘটনায় এজলাস ত্যাগ করেন বিচারক। এর কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়। ওই সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি তুলে ধরেন। একপর্যায়ে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।











