ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলাসম্পন্ন থাকবে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে অন্যান্য অঞ্চলে তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে।