ঢাকায় সামান্য তাপমাত্রা বৃদ্ধি, হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ আশপাশের এলাকায় আজ (সোমবার) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেইসঙ্গে কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

এছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকার কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রা সংক্রান্ত তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে—১২০ মিলিমিটার।