নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মূল্যমানের ৮.৬ কেজি কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারী যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।
মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত (শাহজালাল বিমানবন্দর) উপ-পরিচালক সেলিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে কাতারের দোহা থেকে আসা একটি ফ্লাইটে ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দাদের হাতে আসে গোপন তথ্য, যে ওই নারী বিপুল পরিমাণ কোকেন নিয়ে দেশে প্রবেশ করবে। তাই বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। অন অ্যারাইভাল ভিসা নিয়ে ‘গ্রিন চ্যানেল’ পার করার সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৩টি প্লাস্টিকের বাক্স থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দারা জানান, কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। বর্তমানে পণ্যসহ ওই নারীকে আটক করে বিমানবন্দর থানার দুইজন এসআই ও অন্যান্য গোয়েন্দা সদস্যরা এ ঘটনায় যুক্ত রয়েছেন।
উপ-পরিচালক সেলিনা আক্তার জানান, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের প্রক্রিয়া চলছে।











