ঢাকা ও নারায়ণগঞ্জে পুরনো গ্যাস লাইন প্রতিস্থাপনে তিতাসের ৮ হাজার কোটির প্রকল্প প্রস্তাব

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পুরনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন প্রতিস্থাপন এবং দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে প্রায় ৮ হাজার ১৬০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

‘ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান গ্যাস নেটওয়ার্কের প্রতিস্থাপন ও উন্নয়ন, জিআইএস ম্যাপিং এবং এসকাডা সিস্টেম সংযুক্তিকরণ’ শীর্ষক এই প্রকল্প ২০২৫ সাল থেকে শুরু করে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি এখনো পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই প্রকল্পের আওতায় ৫,৫০০ কিলোমিটার পুরনো গ্যাস লাইন প্রতিস্থাপন করা হবে এবং প্রায় ২৭৫ এমএমসিএফডি থেকে ১,০৮০ এমএমসিএফডি পর্যন্ত গ্যাস সরবরাহ সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ জানান, জিআইএস ও এসকাডা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লিকেজ শনাক্ত ও দ্রুত মেরামতের ব্যবস্থা থাকবে, যা দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

প্রকল্পের অধীনে প্রতিমাসে গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা ৬৬টিতে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বছরে প্রায় ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ রোধের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রকল্পে অর্থায়ন করবে সরকার, তিতাস গ্যাসের নিজস্ব তহবিল এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)। ইতিমধ্যে একটি টেকনো-ইকোনমিক স্টাডিও সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে গ্যাস লাইনের লিকেজ থেকে মগবাজার ও ফতুল্লায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, বহু পুরনো লাইনগুলোর গঠন দুর্বল হয়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।

তিতাস বর্তমানে দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান হিসেবে ১৩,১৯৭ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন পরিচালনা করছে, যার বড় অংশই ৪০-৫০ বছর আগের।