ঢাবির গণিত ভবনের বিপরীতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের বিপরীত পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি মেহগনি গাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় দমকল বাহিনীর সহায়তায় মরদেহটি নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের ধারণা, মৃত ব্যক্তি একজন ভবঘুরে, যার বয়স ৪৫ বছর হতে পারে। তার পরিচয় এখনো নিশ্চিত হয়নি, তবে পুলিশ এ ঘটনাকে আত্মহত্যা হিসেবেই দেখছে। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মানসুর জানান, “আমরা মরদেহটি নামিয়ে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছি।”

শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। “স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন এবং আশপাশের ফুটপাতে থাকতেন। এছাড়া, তার মানসিক সমস্যা ছিল,” বলেন তিনি। এসআই আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের কোনো এক সময় ওই ব্যক্তি গাছে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।