অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকার গাছের ডাল থেকে একটি অজ্ঞাত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে লাশ দেখতে পান এবং বিষয়টি পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল পৌনে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে লাশটি নামান।
প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং গলায় ফাঁস দেওয়ার সময়ও জানা যায়নি। ফায়ার সার্ভিসের এক কর্মী ধারণা করেন, নিহত ব্যক্তি সম্ভবত ভবঘুরে হতে পারেন এবং তার বয়স প্রায় ৫০ বছর।
একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, “আমরা সকালে ক্লাস করতে ঢাবিতে এসেছিলাম, তখন দেখি অনেক মানুষ উপরের দিকে তাকিয়ে আছে। কাছে গিয়ে দেখি, গাছের ডালে একটি লাশ ঝুলছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, “মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি, পোস্টমর্টেম রিপোর্ট এবং নিহতের নাম-পরিচয় আমাদের জানিয়ে রাখতে।”
শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানান, “লাশটি মর্গে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। আপাতত এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।”











