নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে মোটরসাইকেল দুর্ঘটনার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা সাম্যকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাম্যর ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সাম্য সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।











