অনলাইন ডেস্ক:
তাজিকিস্তানের ভাহদাত শহরের একটি কারাগারে গত সোমবার পালানোর চেষ্টাকালে সংঘটিত দাঙ্গায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন কারাগার কর্মচারীও। তাজিকিস্তানের নিরাপত্তা সংস্থার দুটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় কারা প্রশাসনের প্রধানও গুরুতর আহত হয়েছেন।
সূত্রগুলো জানিয়েছে, সোমবার নয়জন বন্দি ‘ঘরে তৈরি ছুরি’ ব্যবহার করে কারারক্ষীদের ওপর হামলা চালায়। তারা দুশানবে থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) পূর্বে অবস্থিত পেনাল কলোনি থেকে পালানোর চেষ্টা করছিল। হামলার পর তিন কর্মচারী গুরুতর আহত হয়েছেন, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।
এদিকে, বিশ্লেষক আন্দ্রেই সেরেঙ্কো দাবি করেছেন, ইসলামিক স্টেট (আইএস) সমর্থকরা এই পালানোর চেষ্টা করেছিল এবং তারা কিছুক্ষণ কারাগারের উপরে আইএসের পতাকা উড়িয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
ঘটনার পর তাজিকিস্তান কর্তৃপক্ষ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। এর আগে, ২০১৯ সালে একই কারাগারে সংঘটিত দাঙ্গায় ২৯ বন্দি এবং তিন রক্ষী নিহত হয়েছিল। ইসলামিক স্টেট তখন এই দাঙ্গার দায় স্বীকার করেছিল। ২০১৮ সালে তাজিকিস্তানের খুজান্দ শহরের একটি কারাগারে দাঙ্গায় ২১ বন্দি এবং দুই রক্ষী নিহত হয়েছিল











