তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক সিলেট আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়, জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেনের নেতৃত্বে।

প্রতিযোগিতায় অংশ নেন সিলেট জেলার ১৩টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের অ্যাথলেটরা। এ প্রতিযোগিতার নির্বাচিত অ্যাথলেটদের নিয়ে গঠিত জেলা অ্যাথলেটিকস দল আগামী ২৪ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “খেলাধুলা মানুষের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে।” তারা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল ফোন আসক্তি এবং অবক্ষয় থেকে মুক্ত থাকার আহ্বান জানান এবং খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন।

এ আয়োজনে অন্যান্য খেলাধুলার পাশাপাশি পরিবেশ সচেতনতা, মাদক বিরোধী ক্যাম্পেইন, জীববৈচিত্র রক্ষা এবং স্বাস্থ্যসেবা নিয়ে নানা সচেতনতা কার্যক্রমও অনুষ্ঠিত হবে।