নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর ওপর নতুন সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে ‘উত্তরা ও টঙ্গী, গাজীপুরবাসী’ ব্যানারে টঙ্গী উড়ালসড়কের নিচের অংশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা বলেন, টঙ্গী-আবদুল্লাহপুরের মধ্যে সেতু নির্মাণ না হওয়ায় দীর্ঘদিন ধরে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট, যাতায়াতে বিঘ্ন এবং অর্থনৈতিক ক্ষতির কথা তুলে ধরে তারা অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।
তারা বলেন, “আমরা সেতু চাই, কথা নয়—কাজ চাই।” পাশাপাশি, আব্দুল্লাহপুর সড়কের জরুরি সংস্কারের দাবিও জানান তারা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চলেছে, তবে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।











