দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৬

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে মোট ১৪ জন জেলে ও স্টাফ ছিলেন বলে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৩৯ টন ওজনের ট্রলারটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বুসান থেকে যাত্রা করেছিল। স্থানীয় সময় রাত ১টা ৪১ মিনিটে এটি রাজধানী সিউল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণে ইয়োসু উপকূলে পৌঁছানোর পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

কোস্টগার্ড একই বহরের অন্যান্য মাছ ধরার নৌকার সাহায্যে সাত ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার তিন নাগরিক এবং চারজন বিদেশি রয়েছেন।

তবে ক্যাপ্টেনসহ দক্ষিণ কোরিয়ার সব নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজদের মধ্যে একজন নাবিককে পরে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

নিখোঁজদের উদ্ধারে উপকূলরক্ষী বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। ২৩টি টহল নৌকা ও ৮টি বিমান উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে, পাশাপাশি ১৫টি বেসামরিক মাছ ধরার নৌকাও এতে যুক্ত হয়েছে।