দাভোসে পৌঁছেছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি ও তার প্রতিনিধি দল এমিরেটসের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে জুরিখে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম। এরপর, সড়ক পথে তিনি দাভোসের উদ্দেশে রওনা হন।

প্রধান উপদেষ্টা দাভোসে পৌঁছানোর পর সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একাধিক বৈঠক করবেন। তার প্রথম বৈঠক হবে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে, যা দাভোস সময় ৩:৫০ থেকে ৪:২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়াও, টেলিনরের চেয়ারম্যান জেনস পেটার অলসেন, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হিউজেনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

ড. ইউনূসের সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক-বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র সচিব (পশ্চিম) এম রিয়াজ হামিদুল্লাহ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বাংলাদেশ নিজেদের উন্নত ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ তুলে ধরবে এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেতাদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সুযোগ আলোচনা করবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কিত আলোচনা করবেন।

এছাড়াও, আগামী ২২ জানুয়ারি ‘কান্ট্রি স্ট্রাটেজি ডায়ালগ অন বাংলাদেশ’ নামে একটি বিজনেস রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের জন্য একটি বিরল সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ব নেতারা দাভোস ২০২৫ সম্মেলনে মিলিত হয়ে বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যৌথ উদ্যোগের আহ্বান জানাবেন, যার মধ্যে থাকবে ভূ-রাজনৈতিক উত্তেজনা, জীবযাত্রার মান উন্নয়ন এবং শক্তি রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

প্রধান উপদেষ্টা ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।