নিজস্ব প্রতিবেদক:
দুই তরুণ উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের প্রতি পদত্যাগের আহ্বান জানান।
ইশরাক বলেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।” তিনি অভিযোগ করেন, এই দুই উপদেষ্টা সরাসরি না হলেও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং ভবিষ্যতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন—এটি প্রতীয়মান।
তিনি আরও বলেন, “আপনারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি বৃদ্ধি পাবে।” পদত্যাগের উদাহরণ হিসেবে তিনি সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম উল্লেখ করেন, যিনি দায়িত্ব ছেড়ে রাজনীতিতে যোগ দেন।
ফেসবুক পোস্টে ইশরাক সরাসরি প্রশ্ন তোলেন, “আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?” একইসঙ্গে তিনি বলেন, “ক্ষমতা ধরে রাখলে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে, এ থেকে আপনারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবেন না।”
এছাড়া নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন ইশরাক। বলেন, “আমিও সমালোচনার শিকার হয়েছি, কিন্তু কিছু করার ছিল না। আপনাদের ভুল পথ ধরেই পরিচালিত করা হচ্ছে—এটা জনগণকে বোঝানো জরুরি ছিল।”











