অনলাইন ডেস্ক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। এছাড়া কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, কামাল আহমেদ মজুমদার এবং তার পরিবার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।
আক্তার হোসেন আরও জানান, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১০টি হিসাবের মাধ্যমে ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে, তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারও তার পিতার ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জন করেছেন।
কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে আয়কর নথি কিংবা ব্যাংক হিসাব পাওয়া যায়নি, তবে তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এজন্য তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।











