ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক:

রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান করা নিয়ে স্থানীয় দুই যুবককে সঙ্গে তর্কে জড়ান পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদার। এ ঘটনায় জেরে অর্ধ শতাধিক যুবক কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এতে পলাশ ও তার গাড়িচালক গুরুতর আহত হন। গত বুধবার রাত সাড়ে ১১টান দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই মো. নাহিদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে জানা যায়, ধূমপান করা নিয়ে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহন কাউন্টারের সামনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন স্থানীয় দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া শুরু হয়। পরবর্তী সময়ে ওই দুই যুবকের ফোনে অর্ধশতাধিক লোকজন ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কাউন্টারে হামলা ও ভাঙচুর করা হয়। এসময় কাউন্টারের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার গাড়িচালক মামুন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠে। পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম অভিযোগ করে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাই ও তার গাড়িচালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে।