জেলা প্রতিনিধি, নওগাঁ :
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মমভাবে হত্যার দায়ে মো. মোস্তাফিজুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আস সামস জগলুল হোসেন মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালে রাণী বেগমের সঙ্গে মোস্তাফিজুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা, একটি ভ্যান ও সেলাই মেশিন যৌতুক হিসেবে দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই মোস্তাফিজুর আরও ৫০ হাজার টাকা যৌতুকের দাবি জানিয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন।
২০১৫ সালের ১০ আগস্ট রাতে স্ত্রীকে কাঠের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন মোস্তাফিজুর। পরদিন রাণী বেগমের বাবা থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ১৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৬ জন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত মোস্তাফিজুরকে দোষী সাব্যস্ত করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) ইকবাল জামিন চৌধুরী। তিনি এ রায়কে “যুগান্তকারী” হিসেবে উল্লেখ করে বলেন, “এ রায় সমাজে যৌতুক নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেবে এবং নারীর সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।”
আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান এ রায়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।











