নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পাঠ্যপুস্তক যথাসময়ে মুদ্রণ, বাঁধাই, বিতরণ এবং সরবরাহ করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। তিনি জানান, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তিনি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এই কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর কাজ অনেক দূর এগিয়েছে এবং যথাসময়ে ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছানো সম্ভব হবে। তবে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ কিছুটা ধীরগতির হওয়ায়, এই কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান এবং বিভিন্ন প্রিন্টিং প্রেসের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া, সভায় প্রেস মালিকরা তাদের সমস্যাগুলি তুলে ধরলে, শিক্ষা উপদেষ্টা তাদের দ্রুত সমাধান দেওয়ার আশ্বাস দেন এবং জাতীয় স্বার্থে পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ দ্রুত করার আহ্বান জানান।











