অনলাইন ডেস্ক:
নরওয়ের উত্তর-পশ্চিম উপকূলের হাদসেল জেলায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময় ১২টা ৩০ মিনিট) দুর্ঘটনাটি ঘটে, যার পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি জানায়।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে ছিটকে এসে আসভাটনেট হ্রদের মধ্যে আংশিকভাবে ডুবে যায়। বাসটিতে মোট ৫৮ জন যাত্রী ছিল, যাদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তিনজনকে উদ্ধার করে স্টকমার্কনেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অন্যদের কাছের একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসের ভেতর থেকে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তুষারঝড় ও প্রবল বাতাসের কারণে উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে।
এ দুর্ঘটনার উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে অগ্নি নির্বাপন দল, অ্যাম্বুলেন্স এবং পুলিশ। নরওয়ের রেড ক্রস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা দুর্ঘটনার স্থানে সহযোগিতা করতে একটি দল পাঠিয়েছে।
নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, বাসটি নারভিক শহর থেকে লোফোটেন দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। স্থানীয় ভোগান জেলার মেয়র ভিদার থম বেঞ্জামিনসেন জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য একটি স্থানীয় হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে দুর্ঘটনাটিকে অত্যন্ত গুরুতর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।











