নরসিংদীর পলাশে চাঁদা না দেওয়ায় দুই ভাই খুন, পরিবার ও পুলিশের ভিন্ন ভাষ্য

জেলা প্রতিনিধি :

নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) রাতে পলাশ উপজেলার ভাঘদী এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন কর্তাতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে রাকিব মিয়া (২৫) ও সাকিব মিয়া (২০)। এ ঘটনায় নিহতদের মা-বাবাও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদার জন্য চাপ দিচ্ছিল। চাঁদা না দেওয়ায় ঈদের দিন তাদের ওপর এই হামলা চালানো হয়।

তবে, পলাশ থানা পুলিশ এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। পুলিশের ভাষ্য, স্থানীয়রা চোর সন্দেহে তাদের গণপিটুনি দিয়েছে। পুলিশ জানায়, ঘটনার দিন সকালে একজনকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এবং রাতেও একই সন্দেহে আরও কয়েকজনকে মারধর করা হয়।

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।