অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধানকে পুলিশ আটক করেছে। গত রোববার রাতে বন্দর ঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ার থেকে তাকে আটক করা হয়।
বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন প্রধানকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা, হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে এসব মামলাগুলোর যাচাই-বাছাই করা হচ্ছে, এবং তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে।
দেলোয়ার হোসেন প্রধান কলাগাছিয়া ইউনিয়ন ২নং মাদবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত।











