অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে এক পোশাক কারখানার শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অভিযোগ উঠেছে, তাকে চিকিৎসা না দেওয়ায় তিনি মারা যান। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৪০০ শ্রমিক কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ করে এবং দাবি করেন, লিজা অসুস্থ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি, যার ফলে তিনি প্রাণ হারান।
শ্রমিকরা জানান, গত মঙ্গলবার কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি না দেওয়ার ফলে তার অবস্থার অবনতি হয় এবং তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর মৃত্যুর পর শ্রমিকরা বিক্ষোভে নেমে আসেন এবং দাবি জানান যে, এই মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন।
এদিকে, অনন্ত অ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক বলেছেন, “লিজাকে ছুটি দেওয়া হয়নি—এটি পুরোপুরি মিথ্যা। তিনি অসুস্থ হওয়ার পরপরই তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, “আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং সব খরচ বহন করেছি। তার লাশ কুমিল্লায় দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।”
আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, “লিজার মৃত্যু সম্পর্কে আমরা জানি। তার অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখব এবং বিষয়টি তদন্ত করা হবে।”











