নির্বাচন বানচালের চেষ্টা হবে, কিন্তু আমরা তা অতিক্রম করব: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভেতর ও বাইরে থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। তবে যত বড় চ্যালেঞ্জই আসুক, সরকার ও জনগণ মিলে তা মোকাবিলা করবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, “নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করবে। হঠাৎ করে আক্রমণ আসতে পারে, নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।”

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, এআই ছবি বা ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হবে। একটি অপপ্রচারের রচনা হওয়া মাত্রই সেটি ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।”

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন (ইসি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দ্রুত টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও কনটেন্ট তৈরি করে ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রচার করার জন্য, যাতে জনগণ ভোটের নিয়ম, করণীয় ও নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে পারে।

ইউনূস আরও বলেন, “নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, ভোটের নিয়ম ও কেন্দ্রের শৃঙ্খলা সম্পর্কে তাদের জানাতে হবে।”

প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।