অনলাইন ডেস্ক:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চোর অ্যাখা দিয়ে লোকমান হোসেন নামে (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবারসকালে বিষয়টি নিশ্চিত করেছেন, হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা। তিনি জানান, গত শুক্রবার রাতে তিনজনকে আসামি করে মামলাটি করেন নিহতের সহকর্মী মো. মোস্তাফিজ। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজকে (৩৫) গ্রেপ্তার করেছে। নিহত লোকমান শেরপুর জেলার চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারী ছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ হত্যার ঘটনা ঘটে।
গত শুক্রবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মী লোকমান ও মোস্তাফিজুর রহমান (২৮)। তারা দুজনই শেরপুর জেলার বাসিন্দা। উপজেলার জাহাজমারা ইউনিয়নে তারা তাদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার পর বেশ কিছু স্ক্রাব বেঁচে যায়। পরে তারা দুইজন স্ক্রাবগুলো উপজেলার চরহিয়া গ্রামের আসাদ নগর ত্রিমোহনীর একটি ভাঙারি দোকানে বিক্রি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা তাদের বিক্রি করে আসা মালের ওজন জানতে আবার ভাঙারি দোকানে যান। সেখানে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিন ব্যক্তি ঠিকাদারের দুই কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। পরে দুইজনকে ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করে বেঁধে মারধর করেন। একপর্যায়ে লোকমানকে লোহার রেঞ্জ দিয়ে হাতে, পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই লোকমান মারা যান।
তবে পুলিশ বলছে, মারধরের পর আতঙ্কে ওই যুবক মারা গেছেন। ওসি একে এম আজমল হুদা আরও জানান, অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











