নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, অর্থ লোপাটকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও জব্দ করা সম্পদ ব্যবহারের জন্য সরকার একটি পৃথক তহবিল ব্যবস্থাপনা চালু করবে।
এমনটি জানানো হয় সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা হয়।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নতুন এই তহবিল দেশের সুবিধাবঞ্চিত জনগণের জন্য সহায়তার কাজে ব্যবহার করা হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই তহবিল গঠন করা হবে এবং এর মাধ্যমে জব্দ করা সম্পদ ও অর্থের ব্যবহারে ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহিনুল ইসলাম।











