অনলাইন ডেস্ক:
৮ বছরের অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। তবে এবারই প্রথম তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। সিনেমার নাম ‘পিনিক’, যেখানে এই চিত্রনায়িকা একেবারে নতুনভাবে ধরা দেবেন।
পরিচালক জাহিদ জুয়েল জানান, ‘পিনিক’ সিনেমায় বুবলীকে একেবারে অন্যরকমভাবে দর্শকরা দেখতে পাবেন। প্রযোজক শিমুল খান বলেন, “এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। তার চরিত্র একেবারে নতুন, একদম আলাদা। পর্দায় তাকে দেখে যে কেউ চমকে যাবে।” ছবির গল্প প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের উপর ভিত্তি করে, যেখানে বুবলীর চরিত্রটি সব চরিত্রের মধ্যে একমাত্র আলাদা এবং নেতিবাচক।
গত নভেম্বরে কক্সবাজার ও রামুতে ‘পিনিক’ সিনেমার শুটিং শুরু হয়। বুবলীর সঙ্গে এতে জুটি বেঁধেছেন আদর আজাদ, যারা ইতিমধ্যেই ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। পরিচালক জানান, আগামী রোববার সিনেমার বড় অংশের শুটিং শেষ হবে এবং শিগগিরই দেশের বাইরে গানের শুটিং হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘পিনিক’ সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।











