পুলিশের কাঁদানে গ্যাস-জলকামানে জবি শিক্ষার্থীদের লং মার্চে বাধা

নিজস্ব প্রতিবেদক:

আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যাত্রার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ মে) দুপুরে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১১টায় জবি ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছালে প্রথম বাধা দেয় পুলিশ। এরপর শিক্ষার্থী-শিক্ষকদের একাংশ বাধা অতিক্রম করে এগিয়ে গেলে কাকরাইলে সংঘর্ষ বাধে।

এ সময় কাঁদানে গ্যাসে আহত শিক্ষার্থী সামিউল রহমান অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অমানবিকভাবে আক্রমণ চালিয়েছে।”

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে দাবি মেনে না নেওয়ায় ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে লং মার্চের ঘোষণা দেওয়া হয়।

তিন দফা দাবি:
১. জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন ভাতা চালু
২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পূর্ণাঙ্গভাবে অনুমোদন
৩. দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন ও বাস্তবায়ন

আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।