অনলাইন ডেস্ক:
জাসপ্রীত বুমরাহর দীর্ঘদিনের রাজত্বের অবসান ঘটিয়ে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করে ম্যাচে ১০ উইকেট নেওয়ার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন তিনি। বুমরাহ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। এরপর গত দুই বছরের বেশির ভাগ সময়ই সেই অবস্থান ধরে রেখেছিলেন ভারতের তারকা পেসার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে বুমরাহর অনুপস্থিতি এবং বাংলাদেশের বিপক্ষে স্টার্কের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্স র্যাঙ্কিংয়ের চিত্র বদলে দিয়েছে। ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন স্টার্ক। সেই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে পেছনে ফেলেছেন ৩৬ বছর বয়সী এই পেসার। টেস্ট ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই র্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন স্টার্ক। গত বছরের শেষ দিকে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের একেবারে শীর্ষে উঠলেন। স্টার্কের উত্থানে বুমরাহ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন তৃতীয় স্থানে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছয় উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন।











