প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রোববার ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

 

এদিন সকালে প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে উপস্থিত হন। মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান। এরপর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলাপচারিতায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সমূহ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

 

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও শ্রমশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক ও সামাজিকভাবে দুই দেশের জন্যই লাভজনক হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নতুন সরকারের সময়ে এমন উচ্চ পর্যায়ের সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।