অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে এখন জনপ্রিয় হচ্ছে সজনেপাতার গুঁড়ো, যা মোরিঙ্গা পাউডার নামে পরিচিত। সজনেপাতা, যা আগে সাধারণত শাক হিসেবে খাওয়া হতো, এখন নানা উপায়ে ব্যবহার হয়ে আসছে, বিশেষ করে মোরিঙ্গা পাউডার হিসেবে। এটি স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যাপক প্রশংসিত হচ্ছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এর গুণাগুণ নিয়ে চলছে চর্চা।
পুষ্টিবিদরা জানিয়েছেন, সজনেপাতার গুঁড়ো বা মোরিঙ্গা পাউডারে প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, জিংক, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। এছাড়া, এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে ঝকঝকে ও টানটান রাখতে সাহায্য করে।
সজনেপাতা গুঁড়ো বা মোরিঙ্গা পাউডার খাওয়ার অনেক সুবিধা রয়েছে। এটি শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়তা করে, যেমন পেটফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অম্বল ইত্যাদি। এছাড়া, এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে, যার ফলে হজম শক্তি উন্নত হয়।
এই মোরিঙ্গা পাউডার খাওয়ার কয়েকটি উপায় রয়েছে, যা সহজেই বাসায় তৈরি করা যায়:
১. স্যুপ:
সজনেপাতা দিয়ে স্যুপ তৈরি করা যেতে পারে। কড়াইয়ে জিরা, গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো ভেজে সজনেপাতা বা মোরিঙ্গা পাউডার মিশিয়ে, স্বাদমতো লবণ ও পানি দিয়ে ফুটিয়ে স্যুপ তৈরি করা যায়।
২. পরোটা:
এছাড়া, সজনেপাতা দিয়ে পরোটাও বানানো যায়। কড়াইয়ে তেল দিয়ে সজনেপাতা, লবণ ও হলুদ মিশিয়ে, চাট মসলা যোগ করে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে পরোটার আটা মাখে, তারপর ভেজে পরোটা তৈরি করুন।
৩. চা:
মোরিঙ্গা পাউডার দিয়ে চাও তৈরি করা যায়। এক কাপ পানিতে ১ চা-চামচ সজনেপাতা গুঁড়ো ফোটান এবং পানীয় হিসেবে পান করুন। এটি গ্যাস, পেটফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যসহ নানা সমস্যা সমাধানে সহায়তা করে।
বিশ্বব্যাপী মোরিঙ্গা পাউডারের জনপ্রিয়তা বাড়ছে, এবং এখন এটি সারা বছরই সহজে পাওয়া যাচ্ছে। এটি খাওয়ার মাধ্যমে স্বাস্থ্য লাভের পাশাপাশি ত্বক এবং হাড়ের স্বাস্থ্যও ভালো থাকে। সজনেপাতা গুঁড়ো বা মোরিঙ্গা পাউডার আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করলে আপনি উপকৃত হতে পারেন।











