ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন গুলিতে নিহত

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন (৪২) গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট-বালুর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেন জানান, “মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। গতকাল ভোরে তাকে কে বা কারা বাসা থেকে ডেকে তার মা-বাবার দোয়া ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নিয়ে আসে। সেখানেই গুলি করে হত্যা করা হয় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।” গুলির শব্দ শুনে তিনি বাসা থেকে বের হয়ে ভাইয়ের নিথর দেহ দেখতে পান। পরে তাকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক আজাদ মিয়া জানান, “গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ইট-বালু ও সিমেন্ট লোড-আনলোড শেষে মামুন তার বাসায় চলে যান।”

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “নিহত মামুনের চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সেটি গুলি নাকি অন্য কিছুর আঘাত, তা ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে।” তিনি আরও জানান, “ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা- ঘটতে পারে।” ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।