জেলা প্রতিনিধি :
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জনতা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এর পর তারা ‘মার্চ টু ফিলিস্তিন’ লেখা ব্যানার হাতে নিয়ে সদর রোডে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। এরপর বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন।
এ সময় তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। বক্তারা বলেন, “ইসরায়েল যদি এখনই হামলা বন্ধ না করে, তবে মুসলিম বিশ্ব ‘মার্চ টু ফিলিস্তিন’ কর্মসূচির মাধ্যমে তার বিরুদ্ধে জবাব দেবে।”
ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলোর আহ্বানে বৈশ্বিক ধর্মঘটের ডাক দেওয়ার পর, প্রতিবাদকারীরা বাংলাদেশের সরকারসহ বিশ্বের সকল দেশের কাছে ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।










