ফেনীতে টেন্ডার না হওয়ায় থেমে গেল শত শত বিদ্যালয় সংস্কার

জেলা প্রতিনিধি :

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ৬ উপজেলার ৩১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের জন্য সরকার ১২ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ৮১২ টাকা বরাদ্দ দিলেও অধিকাংশ বিদ্যালয়ের সংস্কার কাজই হয়নি। মেরামত হয়েছে মাত্র ৩০টি বিদ্যালয়, ব্যয় হয়েছে মাত্র ৩১ লাখ ৭৩ হাজার ৩৩৪ টাকা। অবশিষ্ট ১২ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ৪৭৮ টাকা ফেরত গিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।

উপজেলা প্রকৌশলীরা দাবি করেছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) থেকে প্রয়োজনীয় নির্দেশনা না পাওয়ায় মেরামত সম্ভব হয়নি। আবার সময়মতো টেন্ডার আহ্বান না হওয়ায় প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে।

ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক বিদ্যালয়ের সংস্কারকাজ অসম্পূর্ণ থেকে গেছে। শুধু ফেনী সদরেই ১১৫টি বিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল ৫ কোটি টাকা, কিন্তু কাজ হয়েছে মাত্র ৫টি বিদ্যালয়ে।

ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা জানান, সময়মতো বরাদ্দ পেলেও তা কাজে লাগানো যায়নি। অনেকে বাধ্য হয়ে নিজ উদ্যোগে জরুরি সংস্কার করেছেন, কিন্তু খরচের টাকা ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বরাদ্দের সময় স্বল্প হওয়ায় অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। নতুন অর্থবছরে পুনরায় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেন, তাঁকে কেউ অবহিত করেননি।