বইমেলা উপলক্ষে কঠোর হবে নিরাপত্তা: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক:

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার, ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় তিনি জানান, এবারের বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বইমেলার ভেতরে ও বাইরের নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ ও আশপাশের সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে। “নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে,” বলেন তিনি।

এছাড়া, মেলা এলাকায় বিশেষ টিম মোতায়েন এবং সুইপিং করা হবে। পুলিশকে নিরাপত্তার কাজে আরও দক্ষতা প্রদান করতে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ এবং সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমকে স্ট্যান্ডবাই রাখা হবে বলে জানান তিনি।

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে যাচাই করা হবে। বড় ব্যাগ, কার্টুন ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। মেলা এলাকায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক এবং শিশু পরিচর্যা কেন্দ্র। নিরাপত্তার জন্য পুরো মেলায় সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, “মেলায় দর্শনার্থীদের সুস্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।” এবারের বইমেলা সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।