বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে এক্সপ্রেসওয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুর রহমান আশিক (২৪) এবং আরোহী আসিফ মাহমুদ সম্পদ (২৫)। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। তবে ট্রাকের হেলপারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

ওসি রাসেল সরোয়ার জানান, নিহত আশিক সম্প্রতি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। অপরজন আসিফ মাহমুদ পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।