বনানীতে পরিস্থান পরিবহনের বাস উল্টে ৪২ পোশাকশ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটিতে থাকা ৪২ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় রয়েছেন।

শুক্রবার সকালে বনানীতে আর্মি স্টেডিয়ামের সামনে ফাঁকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টসকর্মীদের আনা-নেওয়া করতো এবং গার্মেন্টসকর্মীদের নিয়ে গাজীপুর যাচ্ছিল।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনায় ৪২ জন শ্রমিক আহত হন। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। মালিকপক্ষ আহতদের দেখভাল করছে। বাসটি কেন এবং কী কারণে উল্টে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে এবং আহতদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।