নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা (১৯) স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, রাস্তা পার হওয়ার সময় এক অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি মারা যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের তিনটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন, ফলে পুরো এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মফিজুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টা পর্যন্ত সড়ক অবরুদ্ধ ছিল। পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকে বনানী-কাকলী ক্রসিং ও মহাখালী আমতলী এলাকায় ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে দুর্ঘটনাকবলিত শ্রমিককে চাপা দেওয়া পরিবহনটি চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।










