‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ

অনলাইন ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষার পর সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ছবিটির প্রথম পোস্টার উন্মোচন করা হয়। এই ছবির শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর, এবং মুম্বাইতে এর বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

প্রযোজক ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে। ছবির প্রসঙ্গে শাকিব খান বলেন, “আমি এক সময় বলেছিলাম, আমাদের সিনেমা আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে, হলিউড-বলিউডের সঙ্গে। আজকে আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে প্রদর্শিত হচ্ছে। এর আগেও ‘প্রিয়তমা’ এবং ‘তুফান’ ছবিগুলো ভালোবাসা পেয়েছে। তবে, ‘বরবাদ’ সবকিছু ছাড়িয়ে যাবে এবং খুব শিগগিরই আমাদের ছবি ১০০ বা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে।”

এই ছবির পোস্টার প্রকাশের পর শাকিব খান আরও জানান, “সিনেমার গল্প শোনানোর জন্য মেহেদী আমাকে ১৫ মিনিট সময় দিয়েছিল। গল্পটা শুনে আমি মুগ্ধ হয়েছি, এবং সেজন্যই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “মেহেদী প্রথম দিনেই আমাকে বলল, ছবির গল্প শোনাবে। আমি তাকে বললাম, তোমার হাতে ১৫ মিনিট সময় রয়েছে, শুধু লাইনআপটা বললেই হবে। গল্প শোনার পর আমি আমার সিদ্ধান্ত নিই এবং তাকে বলি, ‘তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব?’”

শাকিব খান আরও জানান, “মেহেদী আমাকে বলেছিল, ‘আপনি যত বড় বাজেটে কাজ করেছেন, তার চেয়ে বড় বাজেটে কাজ করতে না পারলে সিনেমা করব না।’”

‘বরবাদ’ ছবির পোস্টারে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপর বসে আছেন শাকিব খান, তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন, “সাইলেন্স।” এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকেও।

এছাড়াও, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমাটি ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।