বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স থাকতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বুধবার জানান, পাকিস্তান, চীন ও ভারতের মতো প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে নেপাল ও ভুটান রয়েছে এবং ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকেও এই অঞ্চলে আনা যেতে পারে। বঙ্গোপসাগরের মাধ্যমে তারা পরস্পরের সুবিধা ভাগাভাগি করতে পারবে।

দায়িত্ব গ্রহণের এক বছর পর কাজের অগ্রগতি বিষয়ে প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, “আমরা এগিয়ে যাচ্ছি, যদিও এটি সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয়। নিজেরা স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছি।” তিনি দেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থায় সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এবং জানান, এই ব্যবস্থাগুলো মূলত জালিয়াতি ও অপব্যবহারের কারণে এক ধরনের ফ্যাসিস্ট সরকার সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

ড. ইউনূস আরও বলেন, “নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। যদি নির্বাচন দিয়ে শুরু করা হয়, তাহলে সংস্কার ও বিচারের প্রয়োজন হবে না, যা দেশের জন্য ক্ষতিকর।” শেখ হাসিনাকে ভারত থেকে বের করার জন্য কোনো যুদ্ধের পরিকল্পনা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি ভারতকে সতর্ক করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তুলনায় চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবস্থান সম্পর্কে প্রশ্নে তিনি বলেন, “আমরা কখনো বলিনি যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই না। আমরা শুধু সমস্যাগুলো ব্যাখ্যা করেছি এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেছি।”

শেষে তিনি বলেন, “নির্বাচন যেন সুষ্ঠু হয়, তা নিশ্চিত করাই আমার কাজ। ভোটাররা যেন তাদের অধিকার ভোগ করতে পারেন, সেই ব্যবস্থাই নিশ্চিত করতে চাই।”