বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: নাসির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ধরনের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। রবিবার (২৩ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলের শ্রমিক শাখা গঠনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে দলের আরেক মুখ্য সংগঠক সারজিস আলমের দ্বিমত প্রকাশের বিষয়ে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “এনসিপির নেতাদের মধ্যে কোনো দূরত্ব নেই। তবে একটি বড় অভ্যুত্থান ঘটেছে এবং ছাত্ররা রাজনৈতিক জায়গায় তাদের অবস্থান শক্ত করতে চাচ্ছে। তাদের ভুলত্রুটি থাকলে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলছি।”

তিনি বলেন, “ফেসবুকে মন্তব্য দেখে আমরা বুঝতে পেরেছি, জনগণের প্রত্যাশা অনেক উঁচু। তাদের পরামর্শগুলো আমাদের কাছে মূল্যবান, এবং আমরা তা গ্রহণ করছি।”

এনসিপির নেতাদের মধ্যে বৈঠকের বিষয়ে তিনি জানান, “এটি একটি ব্যক্তিগত বৈঠক ছিল, তবে দলের মধ্যে কেউ কেউ এ বিষয়ে জানতেন। বৈঠকটি কেন হয়েছিল, সেটি স্পষ্ট করেছেন হাসনাত আবদুল্লাহ।”

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, “আওয়ামী লীগের যে নেতারা খুনী ছিল এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সম্পর্কে স্পষ্ট বক্তব্য আসা না পর্যন্ত আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের জন্য ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি, রিফাইন্ড হোক, কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না।” তিনি সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়ে বলেন, “রাজনৈতিক বিষয়াদি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিন।”

পাটোয়ারী এ সময় উল্লেখ করেন, “এনসিপি ঐক্যবদ্ধ থাকবে এবং দেশের ভবিষ্যত নিশ্চিত করতে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”