নিজস্ব প্রতিবেদক:
ফিনল্যান্ডের ব্যবসায়ীদের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য উত্তম পরিবেশ তৈরি হয়েছে।”
মঙ্গলবার (৮ এপ্রিল) ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালায়ের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “নবায়নযোগ্য জ্বালানি খাত, বিশেষ করে সৌরশক্তি এবং বায়ু শক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন।” তিনি উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ভারতের দিল্লিতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা উপস্থিত ছিলেন।










