অনলাইন ডেস্ক:
চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, অভ্যুত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরের জনতার অভূতপূর্ব অংশগ্রহণ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।” তিনি বলেন, “ফ্যাসিবাদের প্রতিটি স্মৃতিচিহ্ন ও প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। আগামীতে ফ্যাসিবাদমুক্ত দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার প্রতীক্ষায় আছি আমরা সবাই।”
দেশবিরোধী অপশক্তির বিষয়ে সতর্ক করে মামুনুল হক বলেন, “তাদের দোসর ও পরিকল্পনাকারীরা জনতার জাগরণের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনও মুহূর্তে। ইতোমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।” তিনি আরও বলেন, “চলমান আন্দোলনকে সহিংসতার রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা হতে পারে। সে ক্ষেত্রে দেশে-বিদেশে ভয়ংকর চাপের মুখে পড়বে বাংলাদেশ।”
বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করে মাওলানা মামুনুল হক বলেন, “পৃথিবী বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে, কিন্তু দেশবিরোধী অপশক্তি হতাশ হলেও হাল ছাড়েনি।” তিনি আশঙ্কা করেন, চলমান আন্দোলনে সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে। এজন্য তিনি সচেতনতা এবং সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মামুনুল হক দেশের আলেম-ওলামা, ইসলামপ্রিয় জনতা এবং সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো অবস্থাতেই সহিংসতা না ঘটে এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়।” তিনি আরও বলেন, “অতিরিক্ত বিক্ষোভ কিংবা শোডাউনের কর্মসূচি কোনো দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস অথবা অন্য কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয়।”
মাওলানা মামুনুল হক দেশের সব বিক্ষুব্ধ জনতাকে আহ্বান জানিয়ে বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সব দেশপ্রেমিক জনগণের ঐতিহাসিক দায়িত্ব।”











