বাংলাদেশ সরকার এবং প্রধান উপদেষ্টার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরের জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন। শুক্রবার বেইজিংয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে। আলোচনা ছিল উষ্ণ, গঠনমূলক এবং ফলপ্রসূ। প্রেসিডেন্ট শি, বাংলাদেশ সরকার এবং প্রধান উপদেষ্টার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।”

তিনি আরও বলেন, এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর ছিল এবং সফরটি সফলভাবে শেষ হয়েছে।

বৈঠকে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, সেগুলো চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে প্রেসিডেন্ট শি জানান। এসব বিষয়ে ছিল চীনের ঋণের সুদের হার হ্রাস এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা।

শফিকুল আলম জানান, বৈঠকে প্রেসিডেন্ট শি তার পূর্বের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, “যখন তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর ছিলেন, তখন তিনি ক্ষুদ্রঋণ বিষয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আরও জানান, তিনি বাংলাদেশি আম ও কাঁঠাল খেয়েছেন এবং সেগুলো খুব সুস্বাদু ছিল।”

প্রেস সচিব আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে আম এবং কাঁঠাল চীনে বড় পরিসরে রপ্তানি করা সম্ভব হবে।