বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণে জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বাজেটে ঘাটতির প্রায় ৪৭ শতাংশ পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সোমবার (২ জুন) বিকালে একটি পূর্ব রেকর্ডকৃত টেলিভিশন ভাষণে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে।

বাজেটে ব্যাংক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা (৯৯ হাজার কোটি টাকা) থেকে প্রায় ৫ শতাংশ বেশি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি এখন পর্যন্ত সবচেয়ে উচ্চমাত্রার অভ্যন্তরীণ ব্যাংক নির্ভরতা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (মে ১২ পর্যন্ত) নিট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৬.৬৮ শতাংশ।

অন্যদিকে, বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে ৯৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৮.২ শতাংশ কম। একইভাবে, জাতীয় সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রাও কমিয়ে রাখা হয়েছে সাড়ে ১২ হাজার কোটি টাকা, যা ১০.৭ শতাংশ হ্রাস।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহকে সীমিত করতে পারে এবং সুদহার ও মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করতে পারে।