অনলাইন ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। গতকাল শুক্রবার ভোরে উপজেলার আশারতলীর ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এবং দোছড়ির ভালুখাইয়ার সীমান্তের ৪৯ নম্বর পিলারে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে আলী হোসেন (৩৫) এবং দোছড়ির লেম্বুছড়ির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের ছেলে মো. রাসেল (৩২)। স্থানীয়রা জানিয়েছেন, তারা মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরিত হন।
অতঃপর, আলী হোসেনের বাম পা ও মো. রাসেলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।











