নিজস্ব প্রতিবেদক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাক্ষাতের শুরুতে হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আজ রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে, বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে হেলিকপ্টারে পৌঁছান। পরে সড়কপথে তিনি বাবুনগর মাদ্রাসায় যান।
প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এ সময় তাঁর ছেলে ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীও উপস্থিত ছিলেন।
মাদ্রাসার অতিথি কক্ষে প্রধানমন্ত্রী ও হেফাজত আমিরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন। এতে সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “হুজুরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।”
সাক্ষাতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। পরে দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যেও এ সাক্ষাৎ ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়।











