জেলা প্রতিনিধি :
হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
রবিবার(২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপি এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচারমূলক বিবৃতি দিয়েছে। যা দেশের ৫০ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগণের হোমিওপ্যাথি চিকিৎসা ও আস্থার প্রতি এক চরম আঘাত হেনেছে।
বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী হোমিও চিকিৎসকরা ‘ডা.’ উপাধি ব্যবহারের বৈধ অধিকার রাখেন। অথচ এ বিষয়কে অস্বীকার করে বিএমডিসি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা অসাংবিধানিক, অনৈতিক এবং পেশাজীবী চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে। তাই তারা বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ, এই অন্যায় ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় হোমিওপ্যাথিক চিকিৎসকদের সভাপতি বদরুল হায়দার, শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক মো. নাজমুল হকসহ চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীরা।










