অনলাইন ডেস্ক:
বিকেলে একটু চা বা কফির সাথে মচমচে কিছু না খেলে যেন জমেই না। কিন্তু প্রতিদিন তো আর তেলে ভাজা বা ভারী খাবার খাওয়া যায় না। তাই খুব কম সময়ে ঘরে থাকা চিড়া আর নারিকেল দিয়েই বানিয়ে ফেলতে পারেন চমৎকার একটি নাশতা। আসুন জেনে নেওয়া যাক সুস্বাদু নারিকেলের চিড়া কীভাবে তৈরি করবেন-
উপকরণ
১. নারিকেল ১টি।
২. চিনি আধা কাপ।
৩. পানি আধা কাপ।
৪. লবণ এক চিমটি।
প্রস্তুত প্রণালি
প্রথমে নারিকেল ভেঙে ভেতর থেকে শাঁস বের করে নিন। বঁটি বা ছুরি দিয়ে শাঁসের পেছনের বাদামি অংশটি পাতলা করে কেটে পরিষ্কার করুন। এবার একটি ধারালো ছুরি বা পিলারের সাহায্যে নারিকেল খুব পাতলা ও লম্বা করে ফালি করুন। ফালিগুলো যেন দেখতে অনেকটা চিড়ার মতো হয়, সেদিকে খেয়াল রাখুন।
এবার কাটা নারিকেলের ফালিগুলো পরিষ্কার পানিতে ৪-৫ বার ভালোভাবে ধুয়ে নিন। এতে নারিকেলের বাড়তি অংশ পরিষ্কার হয়ে যাবে। এরপর একটি কড়াইয়ে প্রয়োজনমতো পানি ও চিনি দিয়ে জ্বাল দিন। চিনি পুরোপুরি গলে সিরা কিছুটা ঘন হয়ে এলে এক চিমটি লবণ দিন।
এবার ধুয়ে রাখা নারিকেলের ফালিগুলো চিনির সিরায় দিয়ে দিন। মাঝারি আঁচে রেখে অনবরত নাড়তে থাকুন, যাতে নারিকেলের সঙ্গে সিরা ভালোভাবে মিশে যায়। ধীরে ধীরে পানি শুকিয়ে এলে নারিকেলের ফালিগুলো শুকনো, মুচমুচে ও হালকা ভাজা ভাজা হয়ে আসবে। তখন চুলার আঁচ বন্ধ করে দিন।
নারিকেলের ফালিগুলো আরেকটি পাত্রে তুলে ভালোভাবে ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে মজাদার নারিকেলের চিড়া। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।











