অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় ভার্মার মধ্যে দীর্ঘ দুই বছরের সম্পর্ক এবার ভেঙে গেছে। যদিও কেউই সরাসরি মুখ খোলেননি, তবে তামান্না ও বিজয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তামান্না বিয়ে করে স্থিতিশীল জীবনে পা রাখতে চেয়েছিলেন, কিন্তু বিজয় তাতে প্রস্তুত ছিলেন না, তাই সম্পর্কের ইতি টানা হয়েছে।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর নেটিজেনরা প্রশ্ন করছেন, আধ্যাত্মিকতার পথে কি হাঁটবেন তামান্না? সামাজিক মাধ্যমের মাধ্যমে এমন প্রশ্ন উঠে এসেছে। এর আগেও এক সাক্ষাৎকারে আধ্যাত্মিকতার প্রতি তার আগ্রহের কথা জানিয়েছিলেন তামান্না। তিনি বলেছিলেন, নিয়মিত ধ্যান করেন এবং যোগকেন্দ্রে গিয়ে তিনি অনেক উপকার পেয়েছেন। তামান্না জানান, “ধ্যান ও সাধনার মাধ্যমে তারা আমার জীবন বদলে দিয়েছে। ধ্যান করেই আমি জীবনের সবচেয়ে বড় সুখ পেয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”
এছাড়া, তিনি বলেন, “জীবনে কিছু না পেলেও নিজেকে সুখী রাখতে শিখেছি। কিছু পেলেই খুশি হব, এমন নয়। কিছু না ঘটলেও বা না পেলেও আমি এখন খুশি থাকতে পারি।” আধ্যাত্মিকতা থেকে তামান্না এমনটাই শিখেছেন, যার ফলে তিনি জীবনের অর্থও নতুন করে বুঝেছেন।
অভিনেত্রী জানান, “জীবন ও বেঁচে থাকার প্রতি আমার খিদে রয়েছে। তবে এমন নয় যে, আমারও কখনো খারাপ সময় যায় না। কিন্তু আমি ওই খারাপ সময় থেকে এখন দ্রুত বেরিয়ে আসতে পারি। তাই আমি যোগসাধনা করার অনুরোধ জানাই সবাইকে।”
এছাড়া, তামান্না আরও বলেন, “আমি মদ স্পর্শও করি না। জীবনে ক্রমশ আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে। আমি বুঝতে পারি, নিজের মনে ওঠা প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে উত্তর।”
তাহলে কি সম্পর্কের এই বিচ্ছেদের পর তামান্না ভাটিয়া আরও গভীরভাবে আধ্যাত্মিকতার পথে হাঁটবেন? সময়ই বলবে, তবে অভিনেত্রীর আধ্যাত্মিক অনুসন্ধান এখন আগের চেয়ে বেশি আলোচনায় এসেছে।










