বিটিএস সদস্য কিম সোক-জিনকে চুমু, আইনি জটিলতায় জাপানি নারী

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য কিম সোক-জিন (জিন)-কে সম্মতি ছাড়া চুমু দেওয়ার ঘটনায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন এক পঞ্চাশোর্ধ্ব জাপানি নারী।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৩ জুন, যখন জিন তার ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে ভক্তদের জন্য ‘ফ্রি হাগ’ ইভেন্টের আয়োজন করেন সিউলে। প্রায় ১,০০০ ভক্ত অংশ নেন এই অনুষ্ঠানে। তবে এক পর্যায়ে ওই নারী আচমকা জিন-এর গালে চুমু দিয়ে বসেন। মুহূর্তের মধ্যে ঘটনাটি ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সংপা পুলিশ স্টেশন যৌন হয়রানির অভিযোগে তদন্ত শুরু করেছে। প্রথমে অনলাইনে অভিযোগ পাওয়ার পর, জাপানি পুলিশের সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করা হয়। তবে, পুলিশের কাছে অভিযুক্ত নারী সাড়া দেননি এবং এখনো জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি।

এই ঘটনার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে তারকাদের ব্যক্তিগত সীমার লঙ্ঘন বলে মনে করছেন, আবার অনেকে এটি মাত্রাতিরিক্ত ভক্তিপ্রকাশের একটি ঘটনা হিসেবে দেখছেন।

এদিকে, বিটিএস ২০১৩ সালে গঠিত হয় এবং ৩২ বছর বয়সী জিন এই ব্যান্ডের সবচেয়ে সিনিয়র সদস্য। সামরিক সেবা শেষে তিনি ভক্তদের জন্য বিশেষ আয়োজন করেছিলেন, তবে অপ্রত্যাশিত এই ঘটনার কারণে বিষয়টি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে।